বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দেশকে আরও ব্যবসাবান্ধব করতে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশামতো অগ্রসর হয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসার সম্ভাবনা।
তিনি আরও বলেন, বাংলাদেশকে সর্বোচ্চভাবে ব্যবসাবান্ধব করতে কাজ চলছে এবং পরিবর্তিত বাংলাদেশে তিনি অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছেন।বাংলাদেশ তরুণদের দেশ, সৃজনশীল মানুষের দেশ, উল্লেখ করে তিনি বিনিয়োগকারীদের বহু দেশে ছড়িয়ে থাকা তরুণ বাংলাদেশি প্রবাসীদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। প্রবাসী তরুণ বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের সবসময়ই বাংলাদেশের জন্য কিছু করার তীব্র ইচ্ছা রয়েছে।










