কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে এক বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী পৌর শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী বাসা থেকে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে এই জালিয়াতি চক্রের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলাম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত। আটক বাকি পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা ছয়জন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরীক্ষা পরিচালনার ব্যস্ততার কারণে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। মোট ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক নিয়োজিত রয়েছেন। পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে ১৪৪ ধারা জারি করাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই জালিয়াতির ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হলেও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।










