ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করেছে বাংলাদেশ। দেশটির একাধিক শহরে থাকা উপদূতাবাসগুলোতে ভিসা দেওয়া সীমিত করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক সেবা সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। ফলে এখন কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ড হাইকমিশনার অফিস থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।
বাংলাদেশ উপদূতাবাসের সূত্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে বলে নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা চালু রয়েছে।










