মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সালেম আবদুহু।
সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি তার ডিগ্রি গ্রহণ করেন দেশটির পাহাং রাজ্যের রানী টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়ার হাত থেকে।
মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।আবদুহু তার প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন রাজউক উত্তরা মডেল কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে।
দীর্ঘ ১৬ বছরের অধ্যয়ন ও গবেষণা যাত্রা শেষে আইআইইউএম থেকে তার পিএইচডি সম্পন্ন করেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, যাত্রাটি চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অগণিত দোয়া ও ধৈর্যের মাধ্যমে আজ তা সফল হয়েছে।”
সালেম আবদুহু পেশাগতভাবে একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও মিডিয়া কনসালট্যান্ট। তিনি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং মিডিয়া প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপন কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।










