ব্রাহ্মণবাড়িয়ার একটি পরিবারের দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যরা গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। তাদেরকে গান গাইতে মানা করে দেওয়া হয়েছে। বাধাদানকারীরা বলেছেন, তাদেরকে ভিক্ষা করতে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে প্রায় ৫০ বছর ধরে গান গেয়ে সংসার চালান পরিবারের কর্তা হেলাল মিয়া। তার সঙ্গে ছেলে-মেয়েরাও থাকেন।
কিন্তু বুধবার কিছু লোক এসে তাদেরকে গান গাইতে মানা করে যায়। তারপর থেকে তাদের গান গাওয়া বন্ধ হয়ে গেছে।হেলাল মিয়া রোববার বলেন, বুধবার তারা প্রতিদিনের মতো গান করছিলেন। এরই মধ্যে কয়েকজন এসে গান গাইতে বাধা দেন। যে দলই ক্ষমতায় আসুক তাদেরকে এখানে গান গাইতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, তাদেরকে বাউল শিল্পী আবুল সরকারের কথাও বলা হয়। পাশাপাশি তাদেরকে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতে বলেন বাধাদানকারীরা।
তবে কারা এসে বাধা দিয়েছেন তাদের তিনি চেনেন না বলেও জানান হেলাল মিয়া।সদর উপজেলার রাজঘর গ্রামের হেলাল মিয়ার পরিবারের মোট ১৩ জন সদস্য। এর মধ্যে নয়জন দৃষ্টিপ্রতিবন্ধী। উপার্জনক্ষমদের মধ্যে হেলাল মিয়া, চার ছেলে ও এক মেয়ে চোখে দেখেন না। তবে তারা কারো কাছে হাত পাতেন না। গান গেয়ে যে আয় হয় তা দিয়ে চলে ১৫ জনের বড় সংসার।








